পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

রংপুরের তারাগঞ্জে ৮৫টি ঘর, ২টি গরু ও ৩টি ছাগলসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। তারাগঞ্জে ৩১টি বাড়ি ভস্মীভূত রংপুুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ৩১ পরিবারের ৮৫টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ৮ ব্যক্তি আহত, ২টি গরু, ৩টি ছাগলসহ শতাধিক হাঁস-মুরগী আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। জানা গেছে, সোমবার রাতে উপজেলার দক্ষিণ রহিমাপুর কুঠিয়াপাড়া গ্রামে ২৩ পরিবারের ৬০টি কাঁচাঘর সমপূর্ণ ভস্মীভূত হয়। সৈয়দপুর ফায়ার সার্ভিসের দু’টি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, মালেকা, আফতাবুল, আফজারুল, আহেলা, রূপালী, হাসনা বেওয়া, মোকসুদা, মঞ্জুয়ারা। এদিকে একই দিন উপজেলার খলেয়া নন্দরাম পাঁচআনী গ্রামে অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ২৫টি ঘর আগুনে ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। মেহেরপুরে বসতবাড়ি ভস্মীভূত মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের জহুরুল ইসলামের বসতবাড়ি গত সোমবার বিকালে পুড়ে যায়। এতে ৩টি গরু অগ্নিদগ্ধ হয়। পরে একটি গরু মারা যায়। মেহেরপুর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। আদমদীঘিতে ৫টি ঘর ভস্মীভূত বগুড়ার আদমদীঘির সান্তাহার আমবাগান এলাকায় গত সোমবার সন্ধায় এক অগ্নিকাণ্ডে ৫টি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ালন্দে দোকানে আগুন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ায় জমি বিরোধে গত সোমবার রাতে প্রতিপক্ষের দেয়া আগুনে তিনটি দোকান পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দোকান মালিক সাফদার হোসেন জানান, এলাকার চান মিয়া, আব্দুল জলিল ও দারোগ আলীর সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং আদালতে মামলাও রয়েছে। কয়েকদিন আগে চিকিত্সার জন্য ঢাকায় থাকলে সোমবার রাতে জলিল ও চান মিয়াসহ তাদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দোকানে আগুন দেয়। আব্দুল জলিল ও চান মিয়া বলেন, আগুন দেয়ার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।