ইত্তেফাক রিপোর্ট
ভিন্নধর্মী ‘লেখক-পাঠক সংলাপ’ শিরোনামের এক আয়োজন অনুষ্ঠিত হলো—গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। এতে অংশ নেন সাবেক অর্থমন্ত্রী ও লেখক আবুল মাল আবদুল মুহিত এবং সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ইনিশিয়েটিভ। সহযোগিতা করে অয়ন প্রকাশন।
রাজনীতি ও আমলা জীবনের বাইরে আবুল মাল আবদুল মুহিত শোনান শিল্প-সাহিত্য সংশ্লিষ্ট জীবনের কথা। তিনি বলেন, কবিতা লিখতে চেয়েছিলাম। বহু চেষ্টা করেও জীবনে একটা কবিতা লিখতে পারিনি। আমার কাজ আসলে গবেষণাধর্মী। মননশীল প্রবন্ধ-নিবন্ধ লিখেছি। আমার লেখা প্রবন্ধ ৩৫টি। প্রবন্ধ মানেই গবেষণা। দীর্ঘ সময় ভয়ংকর ব্যস্ত জীবন পার করেছি। ব্যস্ততার মধ্যেও যে প্রবন্ধ লিখেছি, তা কম নয়।
সাহিত্যিক সাংবাদিক মোস্তফা কামাল বলেন, ১৯৯১ সাল থেকে নিয়মিতভাবে লিখি। লেখালেখি আমার কাছে প্রার্থনার মতো। আমার অধিকাংশ বই ইতিহাসভিত্তিক ও মুক্তিযুদ্ধভিত্তিক গল্প-উপন্যাস।
ঢাকা ইনিশিয়েটিভের সমন্বয়ক, সাংবাদিক পার্থ সারথি দাস বলেন, ইতিহাসভিত্তিক সাহিত্যচর্চা বিষয়ে লেখক-পাঠক সংলাপ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরো কাজ করবে ঢাকা-ইনিশিয়েটিভ।
লেখক-পাঠক সংলাপে আরো অংশ নেন সাহিত্যিক ও অধ্যাপক হাফিজ উদ্দিন আহমেদ, চলচ্চিত্র নির্মাতা ও ঔপন্যাসিক ইসমাইল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন উর রশিদ, সাংবাদিক মুস্তফা মনোয়ার সুজন, বাতিঘরের কর্ণধার দীপঙ্কার দাশ, প্রকাশক মিঠু কবীর প্রমুখ।