প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা স্থগিত

উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১ম সাময়িক পরীক্ষার সব বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার সারাদেশের অন্যান্য উপজেলার মতো মিরসরাই উপজেলায়ও অনুষ্ঠিত হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা। এতে উপজেলার ১৮৫টি প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণির ৪১ হাজার ৫শ’ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রশ্নপত্র প্রণয়নে প্রত্যেক শিক্ষার্থী থেকে ৩ টাকা নেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে প্রথম সাময়িক পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করেছেন শিক্ষা কর্মকর্তা শাহ মোঃ ইকবাল মনসুর। নীতিমালা লঙ্ঘন করে প্রশ্নপত্র বন্টন ও শিক্ষা কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে সব প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র পৌঁছে গেছে। অভিযোগের সত্যতা পেয়ে শিক্ষা কর্মকর্তাকে পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন।