‘জায়গা জটিলতায়’ বিশ্বনাথে অডিটরিয়াম নির্মাণ বন্ধ

সিলেটের বিশ্বনাথে জায়গা সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে ৫শ’ আসন বিশিষ্ট উপজেলা অডিটরিয়ামের নির্মাণ কাজ। ফলে সরকারি বরাদ্দের ৫ কোটি ৯৮ লাখ টাকা ফেরত যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ২০১২ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। জায়গাও নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে জায়গার পরিমাণ কম থাকায় অডিটরিয়াম হবে না বলে জায়গা পরিবর্তন করা হয়। নতুন জায়গা বেছে নিয়ে (সুবেদার আব্দুল মালিক যাত্রী ছাউনির পাশে) ৮৮ শতক জায়গা নিয়ে কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। কিন্তু সেই জায়গা নিজের বলে দাবি করেন জানাইয়া গ্রামের অ্যাডভোকেট আজিজুর রহমান মানিক মিয়া। তিনি নিম্ন আদালতে স্বত্ব মামলা করেন (নং ৫৯/২০০০ইং)। আদালত ২০১৩ সালের ১লা এপ্রিল এই মামলা খারিজ করে দেয়। এরপর অ্যাডভোকেট আজিজুর রহমান মানিক মিয়া গং হাইকোর্টে পিটিশন মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। ফলে বর্তমানে অডিটরিয়ামের কাজ বন্ধ রয়েছে। বিষয়টিতে ক্ষুব্ধ ও হতাশ উপজেলাবাসী। সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঐ এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা বিষয়টি নিয়ে জেলার সহকারী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেন। অনুসন্ধানে জানা গেছে, অডিটরিয়াম নির্মাণের জন্য যে জায়গা ঠিক করা হয়েছিল সেখানে সরকারি দুটি ভবন ছিল। একটি খাদ্য গুদাম ও অপরটি কোয়ার্টার হিসাবে ব্যবহূত হতো। অনেকেই বলছেন, যদি ঐ জমি ব্যক্তিমালিকানাধীন হয়, তাহলে আগে সেখানে সরকারি ঘর ছিল কি করে? তখন ঘর নির্মাণে বাধা দেয়া হয়নিই বা কেন? সরকারি জায়গার উপর মামলা দিয়ে এলাকার মানুষকে উন্নয়ন বঞ্চিত করা কতটুকু যুক্তিসংগত কাজ হয়েছে, সচেতন বিশ্বনাথবাসীর সেটাই প্রশ্ন।