ভূমধ্যসাগরে নৌকাডুবি
বিশেষ প্রতিনিধি
লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আরো ৩ বাংলাদেশি গতকাল দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটযোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। দেশে ফেরা তিন বাংলাদেশি হলেন—সিলেটের মাহফুজ আহমেদ ও বিল্লাল আহমেদ এবং কিশোরগঞ্জের বাহাদুর।
গত ১০ মে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। নিহতের ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া অনেকের খোঁজ মিলছে না এখনো।
নৌকাডুবির ওই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তত্পরতায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি গত ২১ মে দেশে ফেরেন। গতকাল আরো তিন বাংলাদেশি দেশে ফিরলেন।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) তত্ত্বাবধানে ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় দেশে ফিরেন তারা।