শ্রীপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারে গ্যাস সরবরাহ লাইনের পাইপ ফেটে অগ্নিদগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি গড়গড়িয়া মাষ্টারবাড়ী (কেওয়া পূর্ব খন্ড) এলাকায় হাজী আব্দুর রাজ্জাকের ছেলে ও মাষ্টারবাড়ী বাজারের বিউটি ফার্মেসীর মালিক পল্লী চিকিত্সক মোস্তফা জামান (৪৫)। মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করণের ঠিকাদারী প্রতিষ্ঠান ইনফ্রাটেকের পক্ষ থেকে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজীজ হায়দার ভূইয়া নগদ ১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। এ পর্যন্ত অগ্নিদগ্ধ পাঁচ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্প্রসারণ কাজে ডোজার দিয়ে মাটি খননের সময় গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন লেগে পাঁচজন অগ্নিদগ্ধ হয়।