অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২১ পাচ্ছেন জাহানারা নওশীন

সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২১ পাচ্ছেন বিশিষ্ট কথাসাহিত্যিক জাহানারা নওশীন। বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কথা সাহিত্যিক জাহানারা নওশীন গল্প-উপন্যাসের পাশাপাশি লিখেছেন প্রবন্ধ, কলাম ও শিশুসাহিত্য। তার লেখা বইয়ের মধ্যে পিতামহীর পাখি, হাড়িকাঠ, প্রেম ও পারিজাত, কাছের ছবি দূরের ছবি, আহাভূত বাহাভূত, উজালপুরের অর্কেস্ট্রা, দুহিতা, বহে না যে নদী, বৃক্ষে বৃক্ষে বিষ করবী প্রভৃতি উল্লেখযোগ্য। তার লেখার প্রধানতম বিষয় হল মানুষ, বিশেষভাবে বললে নারী। তিনি চিরায়ত গল্প বলার ঢংয়ে ক্লাসিক ভাষায় বয়ান করেন তার দেখা-অদেখা মানুষের গল্প। তার গল্পের উপজীব্য বিষয়ের মধ্যে রয়েছে চিরন্তন প্রেম, নারী-পুরুষের বৈষম্য, ধনী-দরিদ্রের বৈষম্য, জীবনবোধ ইত্যাদি। তার গদ্যকে লিরিকধর্মীও বলা চলে। লেখিকা জাহানারা নওশীনের বেড়ে ওঠার কাল চল্লিশের দশক। জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রাম। জাহানারা নওশীন জীবনের বেশ কটি ধাপে খুলনা-রাজশাহী পেরিয়ে রাজধানী ঢাকায় আবাস গাড়েন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাক্ষিক অনন্যা এ বছরের ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ এর জন্য জাহানারা নওশীনকে নির্বাচিত করতে পেরে গর্ববোধ করছে। উল্লেখ্য, বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর একজন কৃতী নারী-সাহিত্যিক অথবা সাহিত্য-গবেষককে এ পুরস্কার প্রদান করা হয়।