ঠাকুরগাঁওয়ে পুড়ে গেছে পঞ্চাশ পরিবারের শতাধিক ঘর

জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আগুনে ৫০ পরিবারের শতাধিক ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। উপজেলার মহেশমারী ছাগলডাঙ্গী গ্রামে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শামসুল হক জানান, আগুনে কৃষক মো. সোহেল ও লালটু মোহাম্মদের ৭৫ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়া ৫০ পরিবারের শতাধিক ঘর, ধান, চাল, গম কাপড়, আসবাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ছগির হোসেন জানান, দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। দমকল বাহিনীর কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হতে পারে।