সাংগ্রাই উপলক্ষে কাপ্তাইয়ের ডলুছড়িতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
এ কে এম মকছুদ আহমেদ রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:৩১
কাপ্তাই উপজেলার ডলুছড়িতে মারমা সম্প্রদায়ের উদ্যোগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ঐতিহ্যময় সাংগ্রাই জল উত্সব। এ উপলক্ষে ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় মারমা তরুণ-তরুণীরা নাচ, গান, অভিনয় ও আবৃত্তি পরিবেশন করেন। এতে অংশ নেন স্বপ্না মারমা, রেশমি, উনুচিং মারমা, প্রিয়ন্তি, একা, পলাশ, নিপা, জয়া, নয়ন, শ্যামল, বিপ্লবসহ আরও অনেকে।
নারানগিরি মৌজার হেডম্যান সুইচা প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান অংশি মারমা, প্রাক্তন চেয়ারম্যান মংক্য মারমা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক উনু মং মারমা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুইচাহ্লা মারমা। কাপ্তাই শিল্পকলা একাডেমির ঝুলন দত্ত ও ফণিন্দ্র লাল ত্রিপুরার সহযোগিতায় পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। অনুষ্ঠান উপভোগ করতে দূরদূরান্ত থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।