জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াও অংশ নিয়েছে
চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ মহড়া বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী
এএফপি
যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া গুয়ামের কাছে একটি নৌ-মহড়া শুরু করেছে। এটি তাদের প্রথম যৌথ সামরিক মহড়া। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ মহড়া বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার এ খবর জানায়।
মার্কিন সেভেনথ ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, ‘সমুদ্রযুদ্ধে দক্ষতা বৃদ্ধি এবং ব্যবহারিক সহযোগিতা জোরদারে এই চারটি দেশের তিন হাজারেরও বেশি সৈন্যের অংশগ্রহণে প্যাসিফিক ভ্যানগার্ড নামের এ নৌ-মহড়া শুরু হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এ মহড়ায় সাগরে সরাসরি গুলিবর্ষণ, আত্মরক্ষামূলক আকাশ-প্রতিরক্ষা অভিযান, ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধাস্ত্র ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দেয়া হবে। মহড়ায় অস্ট্রেলিয়ার দুইটি ফ্রিগেট, জাপানের দুইটি ডেস্ট্রয়ার ও দক্ষিণ কোরিয়ার একটি ডেস্ট্রয়ার অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এ অভিযানের নেতৃত্বে রয়েছে সেভেনথ ফ্লিটের পতাকাবাহী জাহাজ ইউএসএস ব্লু রিজ।
২০১৭ সালে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পারমাণবিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল গুয়াম। সেখানে এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ বসবাস করে। এ উত্তেজনাকে কেন্দ্র করে উত্তর কোরিয়া মার্কিন ভূখণ্ড বোমা মেরে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে চীন এ সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থানের নিন্দা জানিয়েছে।