একনের পথচলা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:৪২
‘থিয়াম’ নামটা শুনতেই কেমন অদ্ভুত লাগে। অনেকে হয়তো তাকে এ নামে চিনবেনও না। তবে সব মহলে পরিচিত যে নাম, সেই নামে তাকে সবাই একবারে চিনবেন বলে আশা করা যায়। বিশেষ করে শাহরুখ খানের ‘রা ওয়ান’ সিনেমার গান গাওয়ার পর তো উপমহাদেশে তার জনপ্রিয়তা যেন আরও বেড়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে, বিখ্যাত পপ সং আর্টিস্ট একনের কথা বলা হচ্ছে। তার কথা লিখেছেন প্রাঞ্জল সেলিম
তিনি একজন সেনেগালেস-আমেরিকান রিদম অ্যান্ড ব্লুজ গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক, ব্যবসায়ী। ২০০৪ সালে তার প্রথম অ্যালবাম ‘ট্রাবল’ থেকে প্রথম একক গান ‘লকড আপ’-এর মুক্তির মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার দ্বিতীয় কনভিক্টেড অ্যালবামের একটি ‘স্ম্যাক দ্যাট’ গানের জন্য তিনি গ্র্যামি পুরস্কার মনোনয়ন পান। কনভিক্ট মিউজিক এবং কন লাইভ ডিস্ট্রিবিউশন নামে তিনি দুটো রেকর্ড লেবেল স্থাপন করেছেন। একন অনেক সময় অন্য শিল্পীদের সাথে হুক্স বা অতিথি শিল্পী হিসেবে গেয়ে থাকেন, যা এ পর্যন্ত প্রায় ৩০০টির বেশি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে এসেছেন এবং ‘বিলবোর্ড’ হট ১০০টি গানের তালিকায় ৪০তম স্থানে রয়েছে। একক শিল্পী হিসেবে তিনিই প্রথম যিনি বিলবোর্ড হট ১০০ চার্টে (সংগীত তালিকা বিশেষ) একসঙ্গে প্রথম ও দ্বিতীয় স্থানটি দুবার অর্জন করেছেন। বিখ্যাত সেনেগলিজ পার্কাশনিস্ট মোর থিয়ামের পুত্র হিসেবে একন একটি সাংগীতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন এবং জেম্বেসহ আরও অনেক বাদ্যযন্ত্র বাজাতে শেখেন। সেন্ট লুই, মিসৌরি, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মের দরুণ তাকে ইমিগ্রেশন বা অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি কিন্তু তার সাত বছর বয়স অবধি তিনি সেনেগালের ডাকারে থাকতেন। পনের বছর বয়স অবধি তিনি আমেরিকা ও সেনেগালে ভাগাভাগি করে থাকতেন। তারপর তিনি স্থায়ীভাবে নিউ জার্সির জার্সি সিটিতে বসবাস আরম্ভ করেন। বলা হয় যে, একন তিন বছর জেলে ছিলেন এবং সেই সময়ে তিনি তার নিজের সাংগীতিক ক্ষমতাগুলো বুঝতে পারেন ও তার পরিবারের সাংগীতিক প্রেক্ষাপটের সঠিক মূল্যায়ন করতে শেখেন। একনের পশ্চিম-আফ্রিকান স্টাইলের অনন্য মিশ্রণ, দক্ষতা ও গায়কী ইউনিভার্সালের কর্তাদের আকর্ষিত করে। একন গান লিখতে শুরু করেন এবং সেই গানগুলো রেকর্ড করেন তার বাড়ির স্টুডিওতে। সেগুলো তারপরে চলে যায় স্ট্রিট রেকর্ডস কর্পোরেশনে, যারা ২০০৪ সালের জুনে একনের প্রথম এলপি ট্রাবল প্রকাশ করে। অ্যালবামটি একনের মসৃণ, পশ্চিম-আফ্রিকান স্টাইলের গায়কীর সঙ্গে ইস্টার্ন কোস্ট ও সাদার্ন বিটের মিশ্রণের এক মেলবন্ধন। একনের বেশিরভাগ গানই শুরু হয় জেলের সেলের দরজার ঝন ঝন শব্দ ও একনের ‘কনভিক্ট’ বলে ওঠার মধ্য দিয়ে।
ব্যক্তিগত জীবন
একন একজন মুসলমান এবং তিনি জানিয়েছেন যে, তার ধর্মানুগত্যের জন্য তিনি কোনোদিন মদ্যপান করেননি। গুজব আছে যে, তার তিনজন স্ত্রী রয়েছে, যদিও তিনি বলে এসেছেন যে তোমেকা নামে তার একটিই স্ত্রী আছে। এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন যে, তার তিনজন নারী সূত্রে ছয়টি সন্তান আছে। আফ্রিকায় কনফিডেন্স ফাউন্ডেশন নামক দুঃস্থ শিশুদের জন্য একনের একটি সাহায্য সংস্থাও রয়েছে। একন চারটি গ্র্যামি পুরস্কার মনোনয়ন পেয়েছেন ২০০৮ সালে। গ্যেন স্তেফানির সঙ্গে ‘দ্য সুইট এস্কেপ’-এর জন্য বেস্ট পপ কোলাবরেসান উইথ ভোকালস, (শ্রেষ্ঠ যৌথ পপ কণ্ঠসহ) টি-পেনের সঙ্গে ‘বারটেন্ডার’-এর জন্য বেস্ট আর বি ভোকাল পারফর্মেন্স বাই আ ডুও অর গ্রুপ বেস্ট কন্টেম্পরারি আর বি অ্যালবাম কনভিক্টেডের জন্য স্নুপ ডগের সঙ্গে ‘আই ওয়ানা লাভ ইউ’-এর জন্য বেস্ট র্যাপার স্বীকৃতি পান। ২০০৭ সালের আমেরিকান সংগীত পুরস্কারে ফেভারিট সলো ও আরবি মেল আর্টিস্ট হলো একটি মাত্র পুরস্কার যেটি একন জিতেছেন একবার। সব মিলিয়ে বারটি মনোনয়ন থেকে একন একটি পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি, ২০১৪ সালে এসে তার নতুন গানের কারণে আবারও একবার তিনি চলে এসেছেন আলোচনার শীর্ষে।