জেলা পর্যায়ে গার্মেন্টস কারখানা বিকেন্দ্রীকরণ প্রয়োজন

দেশে শিল্পখাতের বিকাশে ব্যাংকের সুদ হার কমানোর তাগিদ দিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর নেতৃবৃন্দ। তারা বলেন, পরিকল্পিত তৈরি পোশাক শিল্পখাত গড়ে তুলতে জেলা পর্যায়ে গার্মেন্টস কারখানা বিকেন্দ্রীকরণ করাও প্রয়োজন। এক্ষেত্রে তারা সরকারি প্রণোদনার ওপর গুরুত্ব দেন। তারা দেশিয় শিল্পের বিকাশ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে দেশিয় কারখানার জন্য দীর্ঘমেয়াদী নীতি সহায়তা দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে এক বৈঠকে আইবিএফবি’র নেতারা এ মন্তব্য করেন। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, আইবিএফবি’র প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ওমর সেফায়াত কাউসার ও হুমায়ুন রশিদ, পরিচালক প্রীতি চক্রবর্তী, লোকমান হোসেন আকাশ, ক্যাপ্টেন কেবিএম আকবরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। আইবিএফবি’র নেতৃবৃন্দ বলেন, টেকসই শিল্পখাত প্রতিষ্ঠার জন্য জাতীয় শিল্পনীতি-২০১০ এ প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। এক্ষেত্রে নতুন করে অগ্রাধিকার খাত নির্ধারণের পাশাপাশি শিল্পনীতির আলোকে চিহ্নিত খাতগুলোকে বিশেষ সুবিধা দিতে হবে। শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের সুবিধার্থে ‘ওয়ান স্টপ’ সার্ভিস প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। শিল্পঋণের সুদের হার পুনঃনির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বিদ্যমান শিল্পনীতির পরিবর্তন হলে দেশের শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিল্পায়নে প্রাণচাঞ্চল্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিল্পমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ ইতিমধ্যে প্রায় সকল শর্তই পূরণ করেছে। এছাড়া পরিকল্পিত গার্মেন্টস শিল্পখাত গড়ে তুলতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮শ’ একর জমির ওপর গার্মেন্টস শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৈরি পোশাক শিল্প-কারখানাকে পরিকল্পিত স্থানে স্থানান্তর সম্ভব হবে।