মির্জাপুরে সড়ক দুর্ঘটনায়
বিমান বাহিনীর অফিসার
গুরুতর আহত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪৯
মির্জাপুরে গত মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ বোরহান উদ্দিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি মির্জাপুর উপজেলার নবগ্রামে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক গোড়াই-সখীপুর রোডের হাটুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। কুমুদিনী হাসপাতালে তার অবস্থার অবনতি হলে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়েছে।
মির্জাপুর থানা পুলিশ ও কুমুদিনী হাসপাতাল সূত্র জানায়, আহত বোরহান উদ্দিন বিমান বাহিনীর চট্টগ্রামের জহুর বিমান বাহিনীর ঘাঁটিতে কর্মরত। গ্রীষ্মের ছুটিতে পরিবারের সাথে দেখা করতে বাড়ি আসছিলেন তিনি। একটি মোটর সাইকেল নিয়ে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাক তার মোটর সাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথা ও বুকে বেশি আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।