হরভজনের চোখে ভারতও ফেভারিট

স্পোর্টস রিপোর্টার

ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং দাবি করেছেন, এবার ইংল্যান্ডের মতোই বিশ্বকাপের টপ ফেবারিট ভারত। বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড। একইসঙ্গে নিজেদের মাটিতে বিশ্বকাপে ইংল্যান্ডকেই ট্রফির মূল দাবিদার বলা হচ্ছে। ট্রফি জয়ের দৌড়ে মরগানদেরই এগিয়ে রাখা হচ্ছে সর্বত্র।

নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। ওয়ানডে ফরম্যাটে তাদের দলটাও দুর্দান্ত। দারুণ ছন্দে আছে গোটা দল। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে ফেবারিটের তালিকায়। শেষ চার-পাঁচ বিশ্বকাপের চারটিই জিতেছে অস্ট্রেলিয়া।

এখন র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ভারত শেষবার বিশ্বকাপ জিতেছে ২০১১ সালে। বিশ্বকাপের ফেবারিট দলের প্রশ্নে হরভজন সিং বলেছেন, ‘ভারত, ভারত এবং ইংল্যান্ড আমার মনে হয়।’ ইংল্যান্ড ও ভারতকে সমানভাবে ফেবারিটের আসন দিচ্ছেন তিনি।

কোহলির দলের উপর এবারও প্রত্যাশার চাপ রয়েছে অনেক। ২০১৬ সালে শেষবার ভারতের হয়ে খেলা হরভজন বলেছেন, ‘এটা পরিবর্তন হচ্ছে। আগের চেয়ে এখন অনেক ভালো। তারপরও চাপ থাকবে। শুধু কোহলি নয়, পুরো দলেরই উপরই থাকবে।’