তিস্তায় পানি ফের কমতে শুরু করেছে
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৩১
গত মঙ্গলবার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেলেও বুধবার তিস্তা নদীর পানি আবার কমতে শুরু করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় তিস্তা ডালিয়া পয়েন্টে ৩ হাজার ৬ কিউসেক পানি থাকলেও ২৪ ঘন্টার ব্যবধানে বুধবার তিস্তার পানি ১ হাজার ৭৬৪ কিউসেক কমে দাঁড়ায় ১ হাজার ২৪২ কিউসেক। তিস্তা ব্যারেজের সেচ প্রকল্পের কমান্ড এলাকার কৃষকরা মঙ্গলবার তিস্তায় ভরপুর পানি পেয়ে আত্মহারা হয়ে পড়লেও পানি কমে যাওয়ায় ফের দুশ্চিন্তায় পড়েছেন তারা।
তিস্তা পাড়ের ঝাড়শিঙ্গেরশ্বর চরের নৌকার মাঝি হারুন শেখ (৪০) জানান, ভারত আমাগোর তিস্তায় পানি দিবে না। লংমার্চকে কেন্দ্র করে ১ দিন পানি দিলেও পরের দিন ভারতের গজলডোবায় গেট বন্ধ করায় আমরা পানি পাচ্ছি না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তিস্তার পানি কমতে কমতে দাঁড়িয়েছিল ৫০০ থেকে ৩০০ কিউসেকে। অথচ এ নদীতে স্বাভাবিকভাবে গড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার কিউসেক পানি থাকা প্রয়োজন। গত ১৩ এপ্রিল থেকে ব্যারেজ পয়েন্টে পানি বাড়তে শুরু করে। এতে এক পর্যায়ে পানির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২শ’ কিউসেক। গত রবিবার পানি নেমে আসে ৬৮৮ কিউসেকে। সোমবার সেই পানি ১৪২ কিউসেক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৩০ কিউসেকে। মঙ্গলবার আকস্মিকভাবে তিস্তার পানি ২ হাজার ১৭৬ কিউসেক বৃদ্ধি পেয়ে দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টে পানির পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৬ কিউসেক। বেলা ৩টায় সেই পানি আরও বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাড়ে ৩ হাজার কিউসেক। বুধবার দুপুরে পানি প্রবাহ ১ হাজার ২৪২ কিউসেকে নেমে আসে। তিস্তা সেচ ক্যানেলের ধারে নাউতরা গ্রামের কৃষক আলতাব হোসেন (৪০) জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ভাল ফলনের যে আশা করেছিলাম তা হবে না।
তিস্তা ব্যারেজের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, তিস্তা নদীর পানি আবারও কমতে শুরু করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় পানি বৃদ্ধি পেয়ে হয়েছিল সাড়ে ৩ হাজার কিউসেক। পানি কমে বুধবার দুপুর সাড়ে ১২টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ১ হাজার ২৪২ কিউসেক।