বেঙ্গল গ্রুপের গুদামে আগুন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৩৫
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বেঙ্গল গ্রুপের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঐ গুদামের সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র স্টুডিও। তবে অগ্নিকাণ্ডে আরটিভি স্টুডিওর কোন ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডে ২ জন সামান্য আহত হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে, ৯৫/এ, তেজগাঁও শিল্প এলাকায় বেঙ্গল গ্রুপের তিনতলা গুদাম। এই গুদামে বেঙ্গল ফোম, বেঙ্গল প্লাস্টিক সামগ্রীসহ তাদের উত্পাদিত পণ্য রাখা হয়। তিনতলা এই গুদামের পাশেই রয়েছে আরটিভি’র স্টুডিও। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে গুদামের তিনতলায় বেঙ্গল ফোম রাখা একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। গুদামে অত্যন্ত দাহ্য পণ্য রাখায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশে আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তেজগাঁও ফায়ার সার্ভিস থেকে ২টি ইউনিট আগুন নেভানো শুরু করে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে আরো ৬টি ইউনিট এসে একযোগে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরপুরে মার্কেটে আগুন
মিরপুরে মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর ২ নম্বরের কমার্স কলেজ সংলগ্ন মসজিদ মার্কেটের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।