চার মালিক কারাগারে
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৩৮
রানা প্লাজা ধসে পাঁচ পোশাক কারখানার মালিক ও কর্মকর্তাদের মধ্যে ৪ জন কারাগারে রয়েছেন। তারা হলেন-নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের চেয়ারম্যান বজলুল সামাদ আদনান, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান তাপস, ইথার টেক্সের পরিচালক আমিনুল ইসলাম ও ফ্যান্টম টেক্সের পরিচালক আমিনুল হক। ফ্যান্টম অ্যাপারেলে ব্যবস্থাপনা পরিচালক স্পেনিশ নাগরিক ডেভিড মেয়র রেকোকে আটক করা সম্ভব হয়নি।
ভবন ধসের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় পাঁচ পোশাক কারখানার মালিক ছাড়াও শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বাণিজ্যিক ভবনে অবৈধভাবে কারখানা স্থাপন, কারখানা অনুমোদনের জন্য ভবনের ভুয়া নকশা দাখিল, অবৈধভাবে লাইসেন্স সংগ্রহ, বিধিবহির্ভূতভাবে ভারী যন্ত্রপাতি ও জেনারেটর বসানো এবং ফাটল দেখার পরও কারখানা সিলগালা না করার অভিযোগ আনা হচ্ছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচ পোশাক কারখানার মালিক ছাড়া আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশীটে অভিযোগ আনা হচ্ছে। তারা হলেন-ফ্যান্টম অ্যাপারেলের কর্মকর্তা এ বি এম সিদ্দিক, ফরিদউদ্দিন মিলাদ, নাজিম উদ্দিন, সুরাইয়া বেগম, এ আইয়ুব হোসেন, দেলোয়ার হোসেন, দেলোয়ার আহমেদ ও জাফর আহমেদ, ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, পরিচালক মনোয়ার হোসেন বিপ্লব, নজরুল ইসলাম, রাকিবুল হাসান ও শফিকুল ইসলাম।
এ ব্যাপারে তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, ভবন ধসের পর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ বিজিএমইএ থেকে দেয়া হয়েছে। এই ক্ষতিপূরণ সাধারণত কারখানা মালিকরা দিয়ে থাকেন। কিন্তু মালিকরাই এই ভবন ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুঁজি হারিয়ে তাদের পরিবার এখন পথে বসার উপক্রম হয়েছে। অনেকের সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত গার্মেন্টস মালিকদের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।