ইউরো নেশন্স লিগ
স্পোর্টস ডেস্ক
ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল ইউরো নেশন্স লিগের চূড়ান্ত পর্বের জন্য দল ঘোষণা করেছে, যেখানে অবধারিতভাবেই আছেন আগের পর্বে না খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলটিতে চমক হিসেবে আছেন পর্তুগালের ‘নতুন রোনালদো’ খ্যাত হোয়াও ফেলিক্সও।
প্রতিযোগিতার স্বাগতিক পর্তুগাল ৫ জুনের সেমিফাইনালে পোর্তোয় সুইজারল্যান্ডকে আতিথ্য দেবে। এর চার দিন পর সম্ভাব্য ফাইনালে ইংল্যান্ড অথবা নেদারল্যান্ডের মুখোমুখি হবেন রোনালদোরা।
রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক অবসরে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো গেল মার্চে জাতীয় দলে ফিরেছেন। তাই তাকে ছাড়া ইউরো নেশন্স লিগের চূড়ান্ত পর্ব চিন্তাই করতে পারতেন না কোচ ফার্নান্দো সান্তোস।
চলতি মৌসুমে বেনফিকায় দারুণ নৈপুণ্য দেখিয়েছেন হোয়াও ফেলিক্স। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ১৫ গোল দলকে পর্তুগীজ লিগ জিততে সাহায্য করেছে দারুণভাবে। এমন নৈপুণ্য তাকে জায়গা করে দিয়েছে পর্তুগালের নেশন্স লিগ দলে। এছাড়াও বার্নার্দো সিলভা, নেলসন সেমেদো, হোয়াও মুটিনহো, হোয়াও ক্যান্সেলোদের মতো নিয়মিত মুখরাও তাদের জায়গা ধরে রেখেছেন।
দলকে ২০১৬ ইউরো জেতানো কোচ ফার্নান্দো সান্তোস জানালেন স্বল্প সময়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা দলের খেলোয়াড়দের অন্যরকম অভিজ্ঞতায় ঋদ্ধ করবে। তার ভাষায়, ‘খেলোয়াড়দের জন্য শিরোপা জেতাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা খুব আবেগ নিয়ে দেশের জন্য খেলেছে এবং এবারেও কোনো ভিন্নতা নেই এতে। এটাও একটা শিরোপা এবং অবশ্যই এটাও আমরা জিততে চাই।’
তিনি আরো বলেন, ‘এটা একটা ভিন্ন পরীক্ষা। এখানে কোনো গ্রুপ পর্ব কিংবা বাছাইপর্ব নেই, ‘করো নয় মরো’ অবস্থা হবে শুরু থেকেই।’
পর্তুগালের দল ঘোষণা
গোলরক্ষক: বেতো (গোজতেপে), হোসে সা (অলিম্পিয়াকোস), রুই প্যাত্রিসিও (উলভস)
ডিফেন্ডার: রাফায়েল গুয়েরেইরো (বরুসিয়া ডর্টমুন্ড), মারিও রুই (ন্যাপোলি), রুবেন দিয়াস (বেনফিকা),
হোসে ফন্তে (লিলে), পেপে (পোর্তো), নেলসন সেমেদো (বার্সেলোনা), হোয়াও ক্যানসেলো (জুভেন্তাস)
মিডফিল্ডার:ব্রুনো ফার্নান্দেজ (স্পোর্টিং), দানিলো পেরেইরা (পোর্তো), উইলিয়াম কার্ভালহো (রিয়াল বেতিস), পিজ্জি (বেনফিকা), রুবেন নেভেস ও হোয়াও মুটিনহো (উলভস)
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্তাস), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ডিয়েগো জোতা (উলভস) ডিয়েগো সোসা (ব্রাগা) হোয়াও ফেলিক্স (বেনফিকা), গনকালো গুয়েদেস (ভ্যালেন্সিয়া), রাফা সিলভা (বেনফিকা)