আজ ষষ্ঠ পর্বে ১২ রাজ্যে ১১৭ আসনে ভোট

ভারতে আজ বৃহস্পতিবার ষষ্ঠ পর্বে ১১৭ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১২টি রাজ্যের ২ হাজার ৭৬ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। আজকের নির্বাচনে ভোট দিবেন ১৮ কোটি ভোটার। এই নির্বাচনের মাধ্যমে ৫৪৩ আসনের লোকসভার ৩৪৯ টির নির্বাচন সম্পন্ন হবে। খবর হিন্দুস্তান টাইমসের। আজকের নির্বাচনে এআইএডিএমকে’র জয়ললিতা এবং সমাজবাদীর পার্টির নেতা মুলায়েম সিং যাদবের মতো নেতাদের কপালের ভাগ্যের রেখা নির্ধারিত হবে। এই তালিকায় আছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিত এবং অর্থমন্ত্রী পি চিদাম্বরামের পুত্র কার্তি চিদাম্বরাম। আছেন অভিনেত্রী হেমা মালিনীর মতো তারকা। ভোট গ্রহণ করা হবে তামিলনাডুর ৩৯ আসনে, মহারাষ্ট্রের ১৯ আসন, উত্তরপ্রদেশের ১১, মধ্যপ্রদেশের ১০, বিহার ও ছত্তিশগড়ের প্রতিটিতে ৭টি, আসাম ও পশ্চিমবঙ্গের প্রতিটিতে ৬টি, রাজস্থানে পাঁচটি আসন, ঝাড়খন্ডে চারটি আসন, জম্মু ও কাশ্মির এবং পুদুচেরিতে একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তামিলনাডুতে ৬১ হাজার ভোটকেন্দ্রে সাড়ে পাঁচ কোটি ভোটারের ভোটদান নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টায়। পুলিশ কর্মকর্তারা জানান, রাজ্যে এক লাখ ৪৭ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রাজ্যে ৫৫ জন নারীসহ ৮৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের নির্বাচনে উত্তর প্রদেশের মথুরাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে দেখা দিয়েছে। এ আসনে ১৬ লাখ ৫০ হাজার ভোটার অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা হেমা মালিনীসহ প্রতিদ্বন্দ্বী ১২ প্রাথীর ভাগ্য নির্ধারণ করবে। মধ্য প্রদেশের বিদিশা, দেওয়াস, ইন্দোর, ধার, উজ্জইন, রতলাম, মান্দসুর, খান্দোয়া, খারগুন ও বেতুল আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভায় বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদিশা থেকে। এছাড়া সাবেক মন্ত্রী কান্তিলাল ভুরিয়া রাতলাম এবং রাজ্য কংগ্রেসের সভাপতি অরুণ যাদব খান্দোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসামে ছয় আসনে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৯৪ লাখের বেশি। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে। নির্বাচনে রায়গঞ্জ আসনে কংগ্রেসের দীপা দাস মুন্সীর সঙ্গে বামফ্রন্টের মহম্মদ সেলিমের প্রতিদ্বন্দ্বিতা হবে। বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষের সঙ্গে বামফ্রন্ট প্রার্থী বিমল সরকারের। মালদহ (উত্তর) আসনে বিশিষ্ট শিল্পী ও তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়ের সঙ্গে কংগ্রেসের মৌসম বেনজীর নূরের, মালদহ (দক্ষিণ) আসনে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর সঙ্গে বামফ্রন্টের আবুল হাসনাত খানের এবং জঙ্গিপুর আসনে কংগ্রেস প্রার্থী ও রাষ্ট্রপতির ছেলে অভিজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বামফ্রন্ট প্রার্থী মুজাফফর হোসেনের লড়াই হবে। পশ্চিমবঙ্গের ছয়টি আসনে ৮৩ লাখের বেশি ভোটার ৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ২০০৯ সালের নির্বাচনে এই ১১৭ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল ৩৬টি, বিজেপি ২৬, ডিএমকে ১৮, জয়ললিতার দল ৯ এবং সমাজবার্দী পার্টি পেয়েছিল ৫টি আসন।