ক্ষতিপূরণের দাবিতে কফিন মিছিল

রানা প্লাজা ধসে নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে কফিন নিয়ে মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। সমাবেশে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, রানা প্লাজায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের ৪৮ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া, নিখোঁজ শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহত শ্রমিকদের চিকিত্সা ও পুনর্বাসন প্রদান, রানা প্লাজা ও তাজরীনের মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বেশকিছু দাবি জানানো হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ইমামের সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান, শ্রমিক নেতা এ এ এম ফয়েজ হোসেন, তাসলিমা আখতার, শবনম হাফিজ, শামসুজ্জোহা প্রমুখ। বক্তারা এখনো রানা প্লাজার শ্রমিকরা ক্ষতিপূরণ না পাওয়ায় ও নিখোঁজদের তালিকা প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাপ্ত টাকার সদ্ব্যবহারের দাবি জানান।