ট্রেড ইউনিয়ন করতে দিলে কারখানা সুরক্ষিত থাকবে
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৪০
শ্রমিকরা যাতে ট্রেড ইউনিয়ন করতে পারে সেজন্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলে ওই কারখানায় জ্বালাও- পোড়াও বা কোন আক্রমণ হবে না। এখন যেভাবে পাঁচ মিনিটে সবাই একত্রিত হয়ে কারখানা ধ্বংসে নেমে যায়, ট্রেড ইউনিয়ন থাকলে সেটা সম্ভব হবে না। প্রতিষ্ঠান আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত থাকবে। গতকাল রাজধানীর বিজিএমইএ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এন্ড কালেক্টিভ বার্গেইনিং’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
সেমিনারে আইএলও উপ-মহাপরিচালক গিলবার্ট ফোসুন হংবো বলেন, বাংলাদেশের শ্রম পরিবেশ বিষয়ে আমরা খুবই সন্তুষ্ট। গত এক বছরে পোশাক শিল্পে ১৪০টি ট্রেড ইউনিয়ন হয়েছে যা গত ২০ বছরেও হয়নি। রানা প্লাজা ট্রাজেডির এক বছরপূর্তি উপলক্ষে এক সপ্তাহের সফরে আইএলও উপ-মহাপরিচালক বাংলাদেশ সফরে এসেছেন। তিনি বলেন, রানা প্লাজা ট্রাজেডি একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব শহিদুল হক, শ্রম সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সহ-সভাপতি মো. হাতেম, বিইএফ সভাপতি তপন চৌধুরী, আইএলও’র এশিয়া প্যাসেফিক অঞ্চলের পরিচালক ইয়াসিতেরু ইউরামাতো, বিজিএমইএ সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ প্রমুখ।