অভয়নগরে ‘বন্দুক যুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী সাইফুল শিকারী নিহত

জেলার অভয়নগরে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম শিকারি (৩৫) নিহত হয়েছেন। উপজেলার শংকরপাশা গ্রামে মাঝিপাড়ার শ্মশানঘাটে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। নিহত সাইফুল ইসলাম উপজেলার শংকরপাশা গ্রামের মৃত মহিরউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বোমাবাজিসহ অভয়নগর থানায় ৮ টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশ উপজেলার শংকরপাশা গ্রামে অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় সাইফুল শিকারিকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে উপজেলার শংকরপাশা গ্রামের মাঝিপাড়ার শ্মশানঘাটে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওত্ পেতে থাকা সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সাইফুল শিকারি পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়। এক পর্যায়ে সাইফুলের সহযোগীরা পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় সাইফুলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, ‘বন্দুক যুদ্ধের’ সময় পুলিশের এস আই আরিফ, আহসান, এ এস আই তৌহিদ, কনস্টেবল আজগর ও মেহেদী আহত হয়েছেন। অভয়নগর থানার ওসি মোল্যা খবিরউদ্দিন বলেন, নিহত সাইফুল শিকারি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নওয়াপাড়া পৌর যুবলীগ নেতা আলমগীর হোসেন শিমুল, সার সমিতির কর্মচারী জাহিদ হত্যা, ডাকাতি, অস্ত্র, বোমাবাজিসহ অভয়নগর থানায় ৮ টি মামলা রয়েছে।