রবীন্দ্রসংগীতে কুমার বিশ্বজিত্

দীর্ঘদিন পর সিডি চয়েজের ব্যানারে একক অ্যালবাম রিলিজ করেই শিল্পী কুমার বিশ্বজিত্ উড়াল দিয়েছেন বিদেশ বিভুঁইয়ে। গেল বৈশাখে একাধিক গতানুগতিক অ্যালবামের ভিড়ে কুমারবিশ্বজিতের অ্যালবামটিই ছিল সবচেয়ে আলোচিত ও প্রশংসিত। তবে অনেকদিন পর একক অ্যালবাম রিলিজই শুধু নয়, গান রেকর্ড ও রিলিজে নিয়মিত থাকতে চান তিনি। শিল্পীভক্তদের কাছে নতুন খবর হলো গুণী এই শিল্পী এবারে রবীন্দ্রসংগীতের একটি একক অ্যালবাম রিলিজের পরিকল্পনা নিয়েছেন। হঠাত্ এই ধরনের পরিকল্পনা প্রসঙ্গে কুমার বিশ্বজিত বলেন, ‘প্রতিটা বাঙালিই কিন্তু তার গানের শুরুটা করেন কবি গুরুর গান দিয়ে। কিংবা আমাদের জাতীয় কবি নজরুলের গান দিয়ে। দুজনের গান নিয়েই কিছু কাজ করার ইচ্ছে আছে আমার। এখন তো নিজের ভালো লাগা আর আত্মশুদ্ধির জন্যই কাজ করছি। কলকাতার প্রত্যুষের সাথে আলাপ চলছে। হয়তো আমেরিকার স্টেজ শো শেষ করে এই কাজগুলো শুরু করার প্ল্যান রয়েছে। এ অ্যালবামে একেবারেই আমার ভালোলাগার কিছু গান রাখব। যা বিভিন্ন আসর বা অনুষ্ঠানে আমি গেয়েছি অনেকবার। সেগুলো নতুন কম্পোজিশনে অ্যালবামে নথিভুক্ত করতে চাই। তবে এটা কোনো উপলক্ষে কাজ করছি না। ভালোলাগা থেকে কাজটি শেষ হলেই শ্রোতাদের হাতে দেব। আমার কোনো কাজেই কোনো কালে তাড়া ছিল না। এটাতেও নেই।