ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা
ব্যবস্থার হুমকি রাশিয়ার
আল জাজিরা, বিবিসি ও রয়টার্স
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১০
ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনাবাহিনী ফিরিয়ে নেয়ার আহবান জানিয়ে রাশিয়া ইউক্রেনকে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এরকম উত্তেজনার মধ্যেই সামরিক অনুশীলনের জন্য গতকাল বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর ১৫০ সদস্যের একটি দল পোল্যান্ডে অবতরণ করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের আহবান জানিয়েছে। এর পাশাপাশি তারা জেনেভা চুক্তি লঙ্ঘনের জন্য ইউক্রেন ও ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে রুশ স্বার্থে আঘাত এলেই পাল্টা জবাব দেবে মস্কো। বুধবার ‘রাশিয়া টুডে’ টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘কিয়েভ সরকার পূর্ব ইউক্রেনে মঙ্গলবার থেকে ফের সামরিক অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যেই এ অভিযান শুরু হয়েছে। আমরা আক্রান্ত হলে জবাব দেব’।
এ প্রসঙ্গে দক্ষিণ ওশেটিয়ার উদাহরণ টেনে ল্যাভরভ বলেন, ‘রুশ স্বার্থের ওপর সরাসরি আঘাত এলে আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাব দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না’। উল্লেখ্য, ২০০৮ সালে দক্ষিণ ওশেটিয়া ইস্যুতে জর্জিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায় রাশিয়া। সেখানে রুশবাহিনী জর্জিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েকদিন ধরে অভিযান চালায়। ইউক্রেন সঙ্কট নিরসনে কিয়েভ সরকার ১৭ এপ্রিলে জেনেভায় হওয়া চুক্তি বাস্তবায়ন করছে না বলেও ফের অভিযোগ করেন ল্যাভরভ।