বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানকে সমর্থনের প্রতিশ্রুতি ওবামার

এশিয়া সফরের শুরুতেই পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে বিরোধে জাপানকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অতীতে এ ধরনের মন্তব্য করে আসলেও প্রেসিডেন্ট ওবামা এবার প্রথমবারের মতো জাপানকে এমন প্রকাশ্যে সমর্থন দিলেন। এছাড়া দ্বি-পক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় চীনের সঙ্গে বিরোধ সামাল দেয়ার ব্যাপারে জাপানকে আশ্বস্ত করেন তিনি। গত বৃহস্পতিবার এসব কথা বলেন ওবামা। পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ জাপানে সেনকাকু আর চীনে দিয়াউজু নামে পরিচিত। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও দ্বীপটির মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে চলমান বিতর্কে এশিয়ার এ দু’টি দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। এশিয়া সফরের আগমুহূর্তে এক সাক্ষাত্কারে ওবামা বলেন, “দ্বীপপুঞ্জের ওপর জাপানের নিয়ন্ত্রণ ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র”। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের শুরুতে ওবামা বুধবার প্রথমেই টোকিও পৌঁছান। ওবামা এমনই এক সময় এ অঞ্চল সফরে এলেন যখন আমেরিকার মিত্রদের মধ্যে এবং চীন ও আমেরিকার সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যাইহোক, এসময় মার্কিন প্রেসিডেন্ট এশিয়ার চারটি দেশ জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করবেন বলে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এশিয়া সফরকালে ওবামা চীনে যাবেন না। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি আঞ্চলিক নেতাদের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এদিকে জাপানে তিনদিনের সফর শেষে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় যাবেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টের এ সফরে মিত্র দেশগুলোর সাথে অর্থনৈতিক বন্ধন আরো সুদৃঢ় করা এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হবে। এদিকে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে তত্পরতা বেড়ে যাওয়ার খবরে দেশটিকে যেকোন ধরনের ‘উস্কানিমূলক’ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র । ২০১৪ সালের জন্য তহবিল গঠনে রিপাবলিকানদের অসম্মতির ফলে আইন পাস নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর উদ্ভূত সংকট নিরসনের লক্ষ্যে গত বছর এশিয়া সফর বাতিল করতে হয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে।