দ. সুদানে অবরোধে জাতিসংঘের
উপর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চাপ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১২
দক্ষিণ সুদানের উপর অবরোধ আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। তারা দেশটির অস্থিতিশীল অবস্থা থেকে উত্তরণে এ চাপ প্রয়োগের পক্ষে মত দিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত সামান্তা পাওয়ার টুইটারে বলেছেন, সুদানবাসীর জানমাল রক্ষার্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এদিকে প্রেসিডেন্ট সালভা কির এক ডিক্রিবলে সেদেশের সেনা প্রধান জেনারেল জেমস হোথ মাইকে বরখাস্ত করেছেন। বুধাবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ঘোষণায় কোন দাপ্তরিক কারণ উল্লেখ না করে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানে সহিংসতা ব্যাপক আকার ধারণ করতে থাকে। দেশটি পুরোপুরি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। সম্প্রতি বিদ্রোহীরা বেনতুই শহরে একটি তেলক্ষেত্র দখল করে নেয়। সেসময়ে অভিযোগ উঠে বিদ্রোহীরা বেনতুইয়ে একটি মসজিদে ২শ’ লোককে হত্যা করে। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। বিদ্রোহীরা জাতিসংঘের আনা অভিযোগকে প্রত্যাখ্যান করে। এমনই বাস্তবতায় দেশটিতে অবরোধ আরোপের কথা বলছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। মার্কিন রাষ্ট্রদূত সামান্তা পাওয়ার টুইটার বার্তায় বলেন, যারা সাধারণ নাগরিককে টার্গেট করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই অবরোধ আরোপ করা উচিত।