বাংলাদেশ পুলিশের ‘বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা গতকাল শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মহাপুলিশ পরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। আজানে পুলিশের বিভিন্ন ইউনিটের ২৭ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম ১ম স্থান, ভোলা জেলার কনস্টেবল মো. আব্দুল্লাহ ২য় স্থান এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর নায়েক মো. আরিফুর রহমান ৩য় স্থান অর্জন করেন। কেরাতে মোট প্রতিযোগী ছিলেন ৩০ জন। এর মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর নায়েক আরিফুর রহমান ১ম স্থান, আরআরএফ, সিলেটের কনস্টেবল বেলাল আহমেদ ২য় স্থান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সাদ্দাম ৩য় স্থান অধিকার করেন।
‘নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেন ২২ জন প্রতিযোগী। তাদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর ১ম স্থান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. আনোয়ার হোসেন ২য় স্থান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. জাহাঙ্গীর আলম ৩য় স্থান অধিকার করেন।
ডিআইজি (ওয়েলফেয়ার) ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি বশির আহম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।