বন্যহাতির হামলায় নিহত ২
ম নেত্রকোনা প্রতিনিধি ও দুর্গাপুর সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৩৪
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গারো পাহাড় থেকে আসা একটি বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে চকলেঙ্গুরা গ্রামের মোঃ তাহের উদ্দিন (৭০) এবং পৌর শহরের মিঠাপুকুর পাড়ের শিবু পাণ্ডে (৪০) নিহত হয়েছেন। এছাড়া গীতা রানী দে (৫৫) আব্দুর রহিম (৫৫) নামে দু’জন আহত হন।
উত্তরের গারো পাহাড় থেকে হাতিটি সোমেশ্বরী নদীর চর দিয়ে এসে দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া বেড়িবাঁধ দিয়ে উঠে হরি দে-এর বাড়ি আক্রমণ করলে তার স্ত্রী আহত হয়। তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। পরে হাতিটি মানুষের ধাওয়া খেয়ে আত্রাখালী ব্রিজ পার হয়ে নলুয়াপাড়া ধানক্ষেতে অবস্থান নেয়। এ সময় আশেপাশের মানুষ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবিসহ সর্বস্তরের লোকজন ভিড় করলে হাতি দিকবিদিক না পেয়ে উল্টাপাল্টা দৌড় দিলে চকলেঙ্গুরা গ্রামের তাহের উদ্দিন এবং পৌর শহরের মিঠাপুকুর পাড়ের শিবু পাণ্ডে হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হন। এ সময় অন্য একজন আহত হন।
এক পর্যায়ে বন্য হাতিটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে পুলিশ গুলি করে হত্যা করে। পরে উপজেলা বন কর্মকর্তারা এসে আহত ও নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন। নেত্রকোনা জেলা প্রশাসক আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে জানমালের নিরাপত্তায় তিনি হাতিটিকে গুলি করার নির্দেশ দেন।