রাজশাহীতে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৩৫
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। নেতৃবৃন্দ খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও মুষ্টিবদ্ধ হাতে লাল স্যালুট দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, নূরুল হাসান, হাফিজুর রহমান ভুঁইয়া, ফজলে হোসেন বাদশা এমপি, শফিউদ্দিন আহমেদ প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সংগঠন বৃহস্পতিবার সকালে সাধারণ গ্রন্থাগারে খাপড়া ওয়ার্ড দিবসের ওপর রচনা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। এর আগে খাপড়া ওয়ার্ড সংলগ্ন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সিপিবি নেতৃবৃন্দ। এছাড়া বিকালে নগরীর গণকপাড়ায় গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমমনা রাজনৈতিক দলগুলো এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।