রাবির সিনেট ও সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেটে শিক্ষক প্রতিনিধি এবং সিন্ডিকেট ও ডিনসহ বিভিন্ন পদে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থি হলুদ প্যানেলের নিরঙ্কুশ জয় হয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থি সাদা প্যানেলের ভরাডুবি হয়েছে। সিনেটে শিক্ষক প্রতিনিধিদের মোট ৩৩টি পদের মধ্যে ৩০টি পদে হলুদ প্যানেল এবং বাকি তিনটি পদে সাদা প্যানেল বিজয়ী হয়েছে। ভোট গণনা শেষে বুধবার রাত সোয়া ১০টার দিকে নির্বাচন পরিচালক এবং রাবি রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক ফলাফল ঘোষণা করেন। সিন্ডিকেট সদস্য নির্বাচনে পাঁচটি পদের মধ্যে চারটি পদে হলুদ প্যানেলের শিক্ষকরা এবং বাকি একটি পদে সাদা প্যানেলের শিক্ষকরা নির্বাচিত হয়েছেন। এছাড়া আটটি অনুষদের ডিন পদের মধ্যে হলুদ প্যানেল ছয়টি পদে, সাদা প্যানেল একটি পদে এবং হলুদ প্যানেলের বিদ্রোহী প্রার্থী একটি পদে নির্বাচিত হয়েছেন। শিক্ষা পরিষদের ছয়টি পদের মধ্যে পাঁচটিতে হলুদ প্যানেল এবং একটি পদে সাদা প্যানেল নির্বাচিত হয়েছেন। এছাড়া ফাইন্যান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির শিক্ষক প্রতিনিধিদের দুটি পদেই নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের শিক্ষকরা।