ঈদের আগে বোনাস ও ২০ দিনের বেতন পরিশোধে সম্মত গার্মেন্টস মালিকপক্ষ

ইত্তেফাক রিপোর্ট

ঈদের আগেই (২ জুনের মধ্যে) গার্মেন্টস শ্রমিকদের চলতি মে মাসের সম্পূর্ণ বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়া ৩০ মে’র মধ্যে শ্রমিকদের উত্সব ভাতা  (বোনাস) পরিশোধের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কারখানার ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এ  আহ্বান জানান তিনি। অবশ্য মালিকপক্ষ ঈদের আগে বোনাস পরিশোধের পাশাপাশি ২০ দিনের বেতন পরিশোধে সম্মত হয়েছেন।

এবার  রোজার ঈদ জুনের ৫ কিংবা ৬ তারিখে উদ্যাপিত হতে পারে। সেই হিসেবে শ্রমিকরা চলতি মাসের বেতন পান। কিন্তু শ্রম আইনে পরবর্তী মাসের ৭ কার্যদিবসের মধ্যে বেতন পরিশোধের কথা রয়েছে। অতীতে বেশিরভাগ কারখানাই সাত থেকে ১৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে আসছিলেন। অপেক্ষাকৃত কমপ্লায়েন্ট কারখানাগুলো ৭ কার্যদিবসের আগেই বেতন পরিশোধ করলেও কোনো কোনো কারখানায় ১৫ তারিখও পার হয়ে যেত। ফলে মে মাস শেষ হলেও ঈদের আগে বেতন প্রদানে আইনগত একটি সুযোগ রয়েছে কারখানা মালিকদের। কিন্তু শ্রমিক সংগঠনগুলো ঈদের আগেই মে মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। 

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমরা বলেছি যে সকল মালিক মে মাসের সম্পূর্ণ বেতন দিতে পারবে তারা দিয়ে দিবেন আর কেউ যদি সম্পূর্ণ বেতন না দিতে পারেন সেক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করবেন।  সভায় বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ উদযাপিত হবে তাই ঈদের ছুটির পরে গার্মেন্টস কর্মীরা বাকি দশ দিনের বেতন পেলে তাদের জন্যই ভালো। শ্রমিকরা অন্তত ওই দশ দিনের বেতনে বাকি মাসটি পার করতে পারবেন।