ওয়ার্কার্স পার্টির ৯ম কংগ্রেসে মোহাম্মদ নাসিম
বিএনপি জামায়াত দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিতে চায়
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, বাহাত্তরের সংবিধান ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ছোট খাট বিভেদ ভুলে ১৪ দলীয় জোটকে আরো শক্তিশালী করতে হবে। মানুষের জন্য কাজ করতে একাত্তরের ঘাতক, জামায়াত-শিবির ও বিএনপিকে রুখতে হবে। কারণ, একাত্তরেও তারা শত্রু ছিল। এখনো আছে। তারা দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চায়। তা কোনো দিন হতে দেয়া যাবে না।
গতকাল বৃহস্পতিবার বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে ওয়ার্কার্স পার্টির ৯ম কংগ্রেস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত যতই হুমকি দিক, যতই চক্রান্ত ও ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। পাঁচ বছর পর আবারো সংবিধান মোতাবেক শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জামায়াত-শিবির ও সহিংসতা ছেড়ে শান্তির পথে আসার আহবান জানান।
ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস উদ্বোধনকালে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একত্রিত হয়ে জণগণের অধিকার পদদলিত করার অপচেষ্টা করেছিলো। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে, জনগণের দ্বিতীয় বিজয় হয়েছে। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে।
এর আগে গতকাল সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের ঐতিহাসিক খাপড়া ওয়ার্ডের শহীদ বেদিতে এবং দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের জামায়াত-শিবিরের হাতে শহীদ জামিল আকতার রতনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় সংগীতের মাধ্যমে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির চারদিন ব্যাপী ৯ম কংগ্রেসের কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, ২৪-২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য ৯ম কংগ্রেসে ভারতের সিপিআইএম-এর পলিটব্যুরোর সদস্য এস রামচন্দ্র পিল্লাই, সিপিআইএম নেতা ও দৈনিক দেশের সম্পাদক গৌতম দাশ, শ্রীলংকার জেভিপি পার্টির কেন্দ্রীয় সদস্য অজন্তা সামারাসিংহে, বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত এইচই রি সং হেই, ফার্স্ট সেক্রেটারী মি. কং, চীনা দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর কিউ গুয়াংজুসহ নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, ভিয়েতনাম, কিউবা, তুরস্কসহ বিভিন্ন দেশের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির ১৫ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এছাড়া কংগ্রেসে ৫৬টি দেশের কমিউনিষ্ট পার্টি অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।