পদ্মা সেতু নির্মাণে চীনা কোম্পানি প্রস্তাব দিয়েছে
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১৬
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মূল পদ্মা সেতু নির্মাণের জন্য একটি মাত্র প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড আর্থিক প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাব আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যানসেল অ্যাকম এবং স্থানীয় কারিগরি মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করবে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। রাজধানীর বনানীস্থ সেতু ভবনের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর সন্নিহিত অংশে নদী ভাঙ্গনরোধ এবং ফেরিঘাট স্থানান্তরজনিত কারণে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মূল পদ্মা সেতু নির্মাণের জন্য আর্থিক প্রস্তাব দাখিলের সর্বশেষ তারিখ ছিল ৩ এপ্রিল। কিন্তু স্যামসাং সিএন্ডটি করপোরেশন ও ডেইলিম এল এ্যান্ড টি জেভির অনুরোধের প্রেক্ষিতে ও পরামর্শকের মতামতের ভিত্তিতে সময় ২৪ এপ্রিল দুপুর ৩টা পর্যন্ত বর্ধিত করা হয়। বর্ধিত সময়সীমার মধ্যে একটি মাত্র প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড আর্থিক প্রস্তাব জমা দিয়েছে।
এর আগে সকালে যোগাযোগ মন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ট্রাফিক সিগন্যাল সিস্টেম ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়িগুলো সড়ক-মহাসড়ক থেকে তুলে নেয়া হবে। তিনি আরো বলেন, নৌ-পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে নিয়ে সপ্তাহে একটি স্থান পরিদর্শনসহ বিভিন্ন টার্মিনালে দুর্ঘটনা ও যানজটরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হবে।