আট হজ্ব এজেন্সির লাইসেন্স বাতিল

হজ্বের সময় বিভিন্ন অনিয়মের দায়ে আটটি হজ্ব এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। স্থগিত করা হয়েছে আরও ৪৩টি এজেন্সির লাইসেন্স। বাতিল, স্থগিত ও জরিমানাসহ মোট ২০৮টি হজ্ব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান। তিনি বলেন, এসব এজেন্সির অনিয়ম তদন্তে ধর্ম মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান। ধর্ম সচিব বলেন, ২১৭টি হজ্ব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে ৫টি, চার লাখ টাকা করে ৫টি, তিন লাখ টাকা করে ১৭টি, আড়াই লাখ টাকা করে ৯টি, দেড় লাখ টাকা করে ১২১টি হজ্ব এজেন্সিকে জরিমানা করা হয়েছে। ২০১৩ সালে ২৬২ জন হজ্বযাত্রী হজ্ব শেষে দেশে ফিরে আসেনি জানিয়ে সচিব বলেন, ‘কেসকেড ট্রাভেল অ্যান্ড টুরস’ নামে একটি এজেন্সির পাঠানো ৯১ জন হজ্বযাত্রী দেশে ফিরে আসেনি। তাই তাদের হজ্ব লাইসেন্স বাতিলসহ মোট এক কোটি ৮২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ‘জানুস ট্রাভেল অ্যান্ড টুরসের’ ৫২ জন এবং ‘দ্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস’ এর ৭৪ জন হজ্বযাত্রী দেশে ফিরে আসেনি। প্রতিষ্ঠান দুইটির লাইসেন্স বাতিলসহ এদের কাছ থেকে পৃথকভাবে এক কোটি চার লাখ টাকা ও এক কোটি ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সচিব আরও বলেন, ‘অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে হজ্বের নামে মানুষ পাচার, প্রতিশ্রুতি অনুযায়ী হাজিদের বাড়িতে না রাখা, যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা না করা, একই কক্ষে গাদাগাদি করে অবস্থান, পর্যাপ্ত গাইড না রাখা এবং নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।