মনোনয়নপত্র দাখিল ২৪৩ জনের
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:২০
চতুর্থ উপজেলা নির্বাচনের শেষ ধাপে ১৩টি উপজেলায় ২৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৯৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৯৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন মনোনয়ন জমা দেন। এছাড়াও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শুধু চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
গত ১৬ এপ্রিল ১৪টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ১৩টির নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। আদালত পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার নির্বাচনের উপর রুলজারি করায় ওই উপজেলার নির্বাচন স্থগিত করেছে কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ এপ্রিল ও বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ মে।
ষষ্ঠ ধাপে যেসব উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো-রংপুরের কাউনিয়া, সদর, গঙ্গাচড়া, পীরগাছা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলি; রাজবাড়ীর কালুখালী; নারায়ণগঞ্জের বন্দর; গাজীপুরের সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর; কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ। এছাড়াও ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার ওই একই তফসিলে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।