তাত্পর্যপূর্ণ অগ্রগতি হলেও আরো কিছু করতে হবে

সাভারে রানা প্লাজা ভবন ধসের এক বছর উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এক বছরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে তাত্পর্যপূর্ণ অগ্রগতি দেখতে পেয়েছি। কিন্তু আরো অনেক কিছু অবশ্যই করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ট্রেড কমিশনার কারেল ডি গুচেট এর মুখপাত্র জন ক্লেনসি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেন। বিবৃতিতে আরো বলা হয়, ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখতে শ্রমিকদের জন্য বেশ কিছু কাজ করতে হবে। গার্মেন্টস খাতের সংস্কার ও পর্যবেক্ষণ প্রক্রিয়া কার্যকর করে টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে সহায়তা দিতে ইইউ প্রস্তুত আছে। জুলাই মাসে এক বছরের অগ্রগতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করবে ইইউ। বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ইইউ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার বিয়োগান্তক রানা প্লাজা ট্র্যাজেডির পর যৌথভাবে টেকসই কার্যক্রম হাতে নেয়। গার্মেন্টস শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিত করা ও সমাবেশের অনুমতি টেকসই কার্যক্রমের অংশ।