চাঁনখারপুলে সিলিন্ডার গ্যাস নির্গত হয়ে ১৭ জন অসুস্থ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:২৯
রাজধানীর চাঁনখারপুলে সিলিন্ডারের মুখ খুলে গ্যাস বের হলে ১৭ জন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁনখারপুলে এ ঘটনা ঘটে।
গাড়িচালক মোখলেছুর রহমান জানান, দোকানের সামনে রাখা একটি গ্যাস সিলিন্ডারের মুখ হালকা শব্দ করে খুলে যায়। এতে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে তিনিসহ বাকীরা অসুস্থ হয়ে পড়েন। সবারই নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়। এরপর আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চকবাজার থানার ওসি এ খবর নিশ্চিত করে বলেন, দোকান মালিক লিয়ার হোসেন ঘটনার সময় উপস্থিত ছিলেন না। এসব গ্যাস কোল্ডস্টোরের মেশিন ঠান্ডা রাখার কাজে ব্যবহূত হয়। সিলেট থেকে এনে তারা বিক্রি করে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে সিলিন্ডারের মুখ খুলে যায়। আর খুলে যাবার পরপরই সিলিন্ডারটি গ্যাসের চাপে কাঁপতে থাকে। এ সময় আশপাশে যারা ছিলেন তারাই অসুস্থ হয়ে পড়েন।