আলেপ্পোয় সরকারি বাহিনীর
বিমান হামলায় নিহত ৩০
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২০:২৬
‘হামলায় নিহত সবাই সাধারণ নাগরিক’
সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি বাজারে সরকারি বাহিনীর বিমান হামলায় ৩০ জন মানুষ নিহত হয়েছেন। আলেপ্পোর উত্তরে আতারেব এলাকার একটি বাজারে চালানো এই হামলায় আরো বেশ কয়েকজন আহতও হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বলেছে, এই হামলার ঘটনায় তিন শিশুও নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যস্ত সবজি বাজারে এই হামলা চালানো হয় বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান জানান, হামলায় নিহত সবাই সাধারণ মানুষ।
আন্দোলনকারীদের গঠিত আলেপ্পো মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। স্থানীয় আন্দোলনকর্মী আবু ওমর বলেন,“এই এলাকার একটি বাজার বৃহস্পতিবার হামলার শিকার হয়েছে। আর তাতে অনেক সাধারণ মানুষ নিহত হয়েছেন। সরকারি অনুগত বাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন জানানো জনগণের ওপর আকস্মিক হামলা চালাচ্ছে।”
দেশটির প্রেসিডেন্ট আসাদ অনুগত সরকারি বাহিনী সামপ্রতিক সময় বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাফল্য লাভ করলেও দেশটির বিশাল একটি অংশ এখনো বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে সিরিয়ার সরকার আগামি ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে। তাদের এই পরিকল্পনা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাখ্যান করেছে। তিন বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে এ পর্যন্ত অন্ততপক্ষে দেড়লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।