সংবাদ কণিকা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২০:২৭
কিডনি দিয়েও রক্ষা হয়নি
ভারতের ঝাড়খণ্ডের হাজারীবাগে যৌতুক হিসেবে কিডনি দিয়েও শেষ রক্ষা হয়নি পুনম দেবী (২৮) নামে এক নারীর। এরপরও তার ওপর নির্যাতন অব্যাহত থাকায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। জানা যায়, পুনমের শাশুড়ী যৌতুকের জন্য কয়েক বছর ধরে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। ছয় মাস আগে তার স্বামী সুদামা গিরির কিডনি নষ্ট হয়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সুদামার মা পুনমকে লিখিতভাবে মুচলেকা দেয় যে, সে তার স্বামীকে একটি কিডনি দিয়ে দিলে তার ওপর আর কোন ধরনের নির্যাতন করা হবে না। —এএফপি
ম্যালেরিয়া দমনে লেজার
ম্যালেরিয়া দমনে লেজার প্রযুক্তি বেশ সাফল্য পাচ্চ্ছে। টেক্সাসের রাইস ইউনিভার্সিটির গবেষকরা এ পদ্ধতির মাধ্যমে শুধু দ্রুতই নয়, সঠিক ও সুলভ মূল্যে রোগ সনাক্ত করা যাবে বলে আশা করছেন। লেজারের তেজ হিমোজোইন-ক্রিস্টালকে প্রচণ্ড উত্তপ্ত করে। লেজার সংযুক্ত শ্রবণযন্ত্রের মাধ্যমে এই সংকেত নির্ণয় করা যায়। এতে ভুল হওয়ার সম্ভাবনা নেই। অর্থাত্ সুস্থ সেলকে ম্যালেরিয়া সংক্রমিত বলে ভুল করার সুযোগ নেই।-এএফপি
ভ্যাঙ্কুভারে ভূমিকম্প
ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। তবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। ভূমিকম্পটির উত্পত্তিস্থল কানাডার পোর্ট হার্ডি থেকে সাড়ে ৫৮ মাইল দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ৭ দশমিক ১ মাইল গভীরে। —রয়টার্স