পাঁচ জেলায় পাসপোর্ট অফিস আছে, কাজ নেই

পশ্চিমাঞ্চলের ৫ জেলায় পাসপোর্ট অফিস আছে। তবে কর্মকর্তা ও কর্মচারীদের কোন কাজ নেই। মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় গত বছরের মার্চ মাসে পাসপোর্ট অফিস খোলা হয়েছে। একজন কর্মকর্তাসহ ৮ জন করে লোকবল নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু অফিস থাকলেও পাসপোর্ট দেয়া হচ্ছে না। ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার বাসিন্দাদের যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বাসিন্দাদের কুষ্টিয়া অফিস থেকে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করতে এসব জেলার বাসিন্দাদের কষ্ট হচ্ছে। এসব জেলায় জেলা প্রশাসকের অফিসে পাসপোর্ট অফিসগুলো ছিল। একজন ম্যাজিস্ট্রেট পাসপোর্ট অফিসের দায়িত্বে থাকতেন। আর জেলা প্রশাসকের অফিসের কর্মচারী দিয়ে অফিসগুলো চালানো হত। কিছুদিন চলার পর অফিসগুলো তুলে দেয়া হয়। গত বছরের মার্চ মাসে নতুন করে কোথাও বাড়ি ভাড়া নিয়ে আবার কোথাও জেলা প্রশাসকের অফিসে কক্ষ নিয়ে অফিস খোলা হয়েছে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও পাসপোর্ট দেয়া শুরু হয়নি। খুলনা বিভাগের পাসপোর্টের সহকারী পরিচালক জানান, বর্তমানে হাতে লেখা পাসপোর্ট উঠে গেছে। সকল পাসপোর্ট মেশিন রিডেবল। এ পাসপোর্ট তৈরিতে যে মেশিন লাগে তা সরবরাহ করা হয়নি। আগামী বাজেটের পর টেন্ডারের মাধ্যমে মেশিন কেনা হবে। তারপর অফিসগুলোতে দেয়া হলে পাসপোর্ট দেয়া শুরু হবে বলে তিনি জানান। এছাড়া নতুন নেটওয়ার্ক লাগবে।