গরিবি হটানোর চেষ্টা না করা অপরাধ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৩৯
পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি বলেছেন, গরিবের ঘরে জন্ম নেয়া অপরাধ নয়, তবে গরিব হয়ে থাকা এবং গরিবি হটানোর চেষ্টা না করা অপরাধ। শিক্ষার আলো জ্বেলে গরিবি হটাতে হবে।
গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা মহানগরীর সুজানগর সুইপার কলোনিতে সপ্তাহব্যাপী বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, আপনাদের সন্তান হচ্ছেন হিরা-মনি-মুক্তা। কষ্ট করে হলেও আপনাদের সন্তানকে লেখাপড়া করাতে হবে। আমিও দরিদ্র পরিবারের সন্তান। মা-বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, না হলে আমি আজ হয়তো বস্তিতে থাকতাম। রিকশা চালক বা দিনমজুর হতাম। লজিং থেকে লেখাপড়া করেছি। স্কুলের বেতন দিতে না পারায় তিনবার বের করে দিয়েছিল। সন্তানদের শিক্ষা দিয়ে মানুষ না করলে আপনারা স্রষ্টার নিকট দায়ী থাকবেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি বস্তির মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিতেও সবাইকে অনুরোধ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আমিনুল রব চৌধুরী, পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আবুল কালাম আজাদ, কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পরিসংখ্যান ব্যুরো মো. শাহ আলম ও সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ।