যুক্তরাষ্ট্রে রানা প্লাজার হতাহতদের ক্ষতিপূরণ প্রদানে গুরুত্ব আরোপ

রানা প্লাজা ট্রাজেডির প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের ওপর গুরুত্বারোপ করলেন যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা। তারা শ্রমিক স্বার্থরক্ষায় অর্ডার প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোকে আবারো প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের জ্যামাইকায় এক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। রানা প্লাজা ট্রাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য এবং ইউএস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রভাবশালী সদস্য গ্রেস মেং। অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক নির্বাচিত প্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি বক্তব্য দেন। তাদের অনেকে রানা প্লাজা ট্রাজেডির পর সরকারের গৃহীত পদক্ষেপকে দুর্বল আখ্যায়িত করেন এবং গার্মেন্ট শিল্পে শ্রমিকবান্ধব কাজের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে উল্লেখ করেন। কংগ্রেসের সদস্য গ্রেস মেং আশাবাদ ব্যক্ত করে বলেন, রানা প্লাজা ট্রাজেডির মর্মবেদনা ভুলে এবং এ সঙ্কট কাটিয়ে যুক্তরাষ্টের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বাজার যুক্তরাষ্ট্রে বিস্তৃত ও সৃদৃঢ় হবে। তিনি বলেন, সাভার ট্রাজেডি শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। এ ঘটনা এবং পরবর্তী পরিস্থিতিসহ বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল। গ্রেস মেং বলেন, আমরা বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আর জান-মালের নিরাপত্তা চাই। অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানে ডেমোক্রেট দলীয় নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগার, পাবলিক অ্যাডভোকেট লেটিশিয়া জেমস, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য কারেন কজলোইজ ও ররি ল্যান্সম্যান, নিউইয়র্ক স্টেট এএফএল-সিআইও’র প্রেসিডেন্ট মারিও সিলেন্টো, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের ন্যাশনাল ওমেন্স কো-অর্ডিনেটর মাজেদাউদ্দিন, নিউইয়র্ক সিটি সেন্ট্রাল লেবার কাউন্সিলের প্রেসিডেন্ট ভিনসেন্ট আলভারেজ, রিটেল হোলসেল অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর ইউনিয়নের প্রেসিডেন্ট স্টুয়ার্ট আপেলবাম, ইউনিয়ন ফুড এন্ড কমার্শিয়াল ওয়ার্কার্স লোকাল-১৫০০ পলিটিক্যাল অর্গানাইজার অ্যাডাম ওবের্নাইর প্রমুখ বক্তব্য রাখেন। রানা প্লাজা ট্রাজেডির নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘ডাইভারসিটি প্লাজায়’ রানা প্লাজা ট্রাজেডির একবছর পূর্তিতে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ট-বেন, ড্রাম, প্রোগ্রেসিভ ফোরামসহ বেশকয়েটি সংগঠন স্মরণানুষ্ঠানে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়। অনুষ্ঠানে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়।