সিলেটে দুই ভাবীকে কুপিয়ে হত্যা, দেবর আটক

জেলার গোয়াইনঘাট উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে দুই ভাবীকে কুপিয়ে হত্যা করেছে দেবর মকন মিয়া (৪০)। গতকাল শুক্রবার উপজেলার পান্তুমাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মকনের চাচাতো ভাই আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও জসমু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৩৮)। মকনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায়, বাড়ির পার্শ্ববর্তী পিয়াইন নদীর পাড়ে পাটি বেতের চারা লাগানো নিয়ে মকন মিয়ার সাথে তার ভাবী হাসিনা ও মালেকার ঝগড়া হয়। এক পর্যায়ে সে দা দিয়ে দুই ভাবীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। মকন দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন ধাওয়া করে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দু’টি উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের হয়েছে।