নাব্য রক্ষায় পিরোজপুরের কঁচা নদীর অংশবিশেষের খনন কাজ শুরু হয়েছে। সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শুক্রবার বিকালে ইন্দুরকানী উপজেলার টগড়া ফেরিঘাটে এ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ৫৩ কিলোমিটারে কঁচা নদীর চরখালী-টগড়া পয়েন্টের উভয় পাশে অবস্থিত ডুবোচর খননের (ড্রেজিং) কাজ বিআইডব্লিউটিএর ড্রেজিং ডিপার্টমেন্ট থেকে সম্পন্ন করা হচ্ছে। ডুবোচরের কারণে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হয়। তখন অনেক সময় গাড়িসহ ফেরিগুলো এসব চরে দীর্ঘসময় ধরে আটকে থাকে। ফলে নদীর দুই পাড়ে বহু যানবাহন যাত্রীসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষমাণ থাকে।
কঁচা নদীর এই নাব্য সংকটের কারণে আন্তর্জাতিক নৌ-পথ বাংলাদেশ-ভারত (অভ্যন্তরীণ) এবং খুলনা ও মংলার সাথে দেশের অন্যান্য অঞ্চলের নৌ যোগাযোগ অনেক সময় হুমকির মুখে পড়ে।তখন এ পথে চলাচলকারী বিআইডব্লিউটিসির রকেট-স্টিমার, সরকারি ও বেসরকারি অয়েল ট্যাংকার, কোস্টার, কার্গো, নৌবাহিনীর জাহাজ ইত্যাদি চলাচলে অনিশ্চয়তা দেখা দেয়। কঁচার এই অংশ খনন হলে এ নৌ-পথ ব্যবহারকারী যানবাহনসমূহ সহজে চলাচল করতে পারবে বলে বিআইডব্লিউটিএর টেকনিক্যাল এসিস্ট্যান্ট (সিভিল) মিজানুর রহমান সোহেল জানান। তিনি আরও জানান, ৫০০ মিটার দীর্ঘ ও ২৩ মিটার চওড়া এলাকায় এই খনন কাজ করা হবে এবং ৬৫ হাজার ঘনমিটার মাটি উত্তোলন করা হবে। আগামী একমাসে এ কাজ সম্পন্ন হবে। ফলে চরখালী-টগড়া ফেরিঘাট ব্যবহারকারী দক্ষিণাঞ্চলের বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, কাঠালিয়া, পিরোজপুর রুটের যানবাহন চলাচলের ক্ষেত্রে আর সমস্যা থাকবে না।
এই নদীর অংশ বিশেষের খনন কাজ উদ্বোধন করে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মো. মতিউর রহমান অ্যাডভোকেট, ভাণ্ডারিয়া উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপির কেন্দ ীয় নেতা ইউসুফ আলী আকন, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির কো-আহ্বায়ক ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, জেপি’র ইন্দুরকানী উপজেলা সদস্য সচিব মো. শাহীন হাওলাদার, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মিজানুর রহমান সোহেল প্রমুখ।
দুস্থ কল্যাণ সংস্থার কাপড় বিতরণ
ভাণ্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে গতকাল দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত অসচ্ছল ব্যক্তিদের মাঝে কাপড় বিতরণ করা হয়। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এসময় উপস্থিত ছিলেন। এছাড়া ইন্দুরকানী উপজেলার সুবিধা বঞ্চিত অসচ্ছল ব্যক্তিদের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়। এখানে পত্তাশী ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মাঝে কাপড় বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. মতিউর রহমান অ্যাডভোকেট, মো. শাহীন হাওলাদার, দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ প্রমুখ।
ভাণ্ডারিয়ায় ইফতার ও দোয়া অনুষ্ঠান
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, আনোয়ার হোসেন মঞ্জু এমপি শুক্রবার ভিটাবাড়িয়ায় জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শরিক হন। অন্যান্যের মধ্যে মহিউদ্দিন মহারাজ, আসমা আখতার, ওসি শাহাবুদ্দিন, গোলাম সরওয়ার জোমাদ্দার, ছিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, ইউসুফ আলী আকন, হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, সাইদ আহম্মেদ প্রমুখ এই অনুষ্ঠানে শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসাইন।