মুক্তির অপেক্ষায় অমৃতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২০:০৯
একাধিক ছবিতে কাজ করলেও সেই অর্থে নিজের ছবির অভিষেক হচ্ছে না যেন কোনোমতেই। এমনকি কোন ছবিটি আগে মুক্তি পাবে তা নিয়েও অমৃতা নিজেই খানিকটা সন্দিহান। এমন প্রশ্নে অমৃতা বলেন, ‘ছবির কাজ তো করছি বেশ ক’টি। কিন্তু রিলিজের বিষয়টি জানেন আমার পরিচালক ও প্রযোজকেরা।’ তরুণ পরিচালক আতিক রহমানের রিমেক ফিল্ম ‘অন্তরে অন্তরে’ ছবিটি এক দফা শুটিং হয়ে মাঝে বেশ লম্বা বিরতি গেছে। এই ছবিতে মৌসুমীর করে যাওয়া চরিত্রেই কাজ করছেন অমৃতা। তার বিপরীতে রয়েছেন নিরব। নির্মাতা জানান আগামী ৩ মে থেকে ছবিটির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। পাশাপাশি রয়েল খানের ‘গেম’ ছবিটির কাজও শেষ। কিন্তু এই ছবিটিও কবে রিলিজ হবে তা অনিশ্চিত। গেম ছবি প্রসঙ্গে নির্মাতা রয়েল খান বলেন, ‘ছবির কাজ শেষ আমরা ছবিটি খুব শিগগিরই রিলিজ দেবো।’
এদিকে নির্মাতা রয়েল তার নতুন ছবির কাজও শুরু করেছেন। ছবির নাম ‘এই গল্পে কোনো ভালোবাসা নেই’। একই সাথে রয়েলের নতুন ছবিতে নিরব-অমৃতা নেই। তাই নতুন করে অমৃতার চলচ্চিত্র ক্যারিয়ার সমীকরণও নির্ভর করছে এ ছবিগুলো রিলিজের ওপরেই।