‘বলিউড অনেক বিশৃঙ্খল একটা জায়গা’

ডেভিড ধাওয়ান-পুত্র বরুণ ধাওয়ানের সলো ডেব্যু ফিল্ম ‘ম্যা তেরা হিরো’ ছবিটি সুপারহিট তালিকায় রয়েছে। তবে এই ছবিটির নায়িকা হিসেবে নারগিস ফাকরির মন্তব্যটাও বেশ আলোচনার ঝড় তুলেছে সম্প্রতি বলিউডে। নারগিসের মতে, ‘ছবিটি হিট করেছে। এটাতে কতটা খুশি হবো এটা বুঝতে পারছি না। তবে ভালো লাগছে বরুণের কথা ভেবে, কারণ, ওর ক্যারিয়ারের জন্য এই ছবিটি হিট হওয়া জরুরি ছিল। কারণ পুরো ছবির প্রথম থেকে শেষ ফ্রেম পর্যন্ত এটা বরুণের একারই ছবি।’ এমন মন্তব্যেই শেষ নয়, সম্প্রতি এনডিটিভিসহ বেশ ক’টি চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে নিজের নাম নিয়ে বেশ ঝাল মিটিয়েছেন সহকর্মীদের ওপর। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বলিউডের অনেকেই তার নামের টাইটেল ‘ফাকরি’ নিয়ে হাসাহাসি করেন। সেকেলে নামে গর্ব করেই তিনি বলেন, ‘যারা এসব নিন্দা করেন তারাই আসলে নিম্নশ্রেণীর বংশধর। আমার সবফ্রেন্ড তালিকা বললে ওদের চোখ কপালে উঠবে। আমার বেশির ভাগ বন্ধুরাই ইউরোপের। এবং এই নাম নিয়ে পাশ্চাত্যে বেড়ে ওঠা খুব সোজা নয়।’ এছাড়া বলিউড ব্লকবাস্টার ছবি ‘রকস্টার’ খ্যাত এই তারকা নারগিস সম্প্রতি হলিউডেও বেশ কটি চলচ্চিত্রে কাজ করছেন। বলিউড-হলিউডের তুলনা প্রশ্নে নারগিস ফাকরি বলেন, ‘হলিউডে ছবির ইউনিট থেকে শুরু করে সবকিছু অনেক গোছানো। বলিউড সে তুলনায় অনেক বিশৃঙ্খল একটা জায়গা।’