বগুড়া-৬ উপনির্বাচন শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি শান্তি ও উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিতে বগুড়া-৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ডিসেম্বরের নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়লাভ করে সংসদে যাননি। তিনি বগুড়ার মানুষদের অসম্মান করেছেন। তার কারণেই বগুড়া সদর আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ জুন সেই উপ-নির্বাচনে শান্তি ও উন্নয়নের নৌকা মার্কার প্রার্থী টি জামান নিকেতোকে ভোট দিয়ে তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করার জন্য বগুড়ার ভোটার ও কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার বিকালে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ কর্মীসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। 

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতো।