রাশিয়া ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন করেছে :যুক্তরাষ্ট্র
আল জাজিরা, বিবিসি ও সিনহুয়া
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৩৮
রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমারা ইউক্রেন ‘দখল’ করতে চায়।
ইউক্রেনে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাশিয়ার যুদ্ধবিমানগুলো বেশ কয়েকবার ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন শুক্রবার এ কথা বলেন। তবে কোথায় এবং কোন ধরনের বিমান এ ঘটনায় যুক্ত ছিল তার বিস্তারিত কিছু জানাননি তিনি। ওয়ারেন আরো বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার জন্য চেষ্টা করেছেন। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি।
এর আগে ইউক্রেনে সংকট কমাতে রাশিয়াকে আরো বেশি কিছু করার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দ। ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মের্কেল, ইটালির প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেনজি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জেনেভা চুক্তি অনুযায়ী রাশিয়াকে এর প্রতিশ্রুতির প্রতি সম্মান জানানোর আহবান জানান।
এরই মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, পশ্চিমারা ইউক্রেন ‘দখল’ করতে চায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তীব্র বাগযুদ্ধের মধ্যে ল্যাভরভ এ অভিযোগ করলেন। তিনি বলেন, ‘পশ্চিমারা ইউক্রেনের জনগণের স্বার্থে নয় বরং নিজেদের ভূ-রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ইউক্রেন দখল করতে চায়।