শুধু এশিয়া নয় যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি উ:কোরিয়া .................................... বারাক ওবামা

নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর চেষ্টায় থাকা উত্তর কোরিয়াকে শুধু এশিয়ার জন্য নয়; যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উত্তর কোরিয়ার যে কোনো ‘উস্কানির’ কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন ওবামা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশে টানা সফরে থাকা ওবামা শুক্রবার দক্ষিণ কোরিয়া সফরকালে এ হুঁশিয়ারি দেন। গত মার্চে উত্তর কোরিয়া দুটি স্বল্পমাত্রার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর জাতিসংঘের পক্ষ থেকে নিন্দা জানানো হয়। তবে তা সত্ত্বেও নতুন ধরনের পারমাণবিক পরীক্ষা চালানোর হুমকি দেয় পিয়ংইয়ং। সম্প্রতিক ভূ-উপগ্রহ কেন্দ্রের ছবিতে উত্তর কোরিয়ায় পরমাণু পরীক্ষা কেন্দ্রে অগ্রগতিমূলক তত্পরতা দেখা যায়। তবে ছবির তথ্যে পরমাণু প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়ার মিত্র চীন দেশটিকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করেন ওবামা। সিউলে প্রেসিডেন্ট পার্ক জিয়ুন হাইকে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ওবামা গত সপ্তাহে মর্মান্তিক ফেরি ডুবিতে নিহত স্কুল শিক্ষার্থীদের জন্য সমবেদনাও জানান। গত সপ্তাহে ফেরি ডুবিতে তিনশ’র বেশি মানুষ নিহত ও নিখোঁজ রয়েছে। সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ফেরি ডুবিতে যেসব স্কুল শিক্ষার্থী মারা গেছে তাদের বয়সী দুটি সন্তান রয়েছে আমার। যেসব বাবা-মা তাদের সন্তান হারিয়েছেন তাদের মর্মবেদনা আমি অনুভব করতে পারি। নিহতদের স্মৃতিতে উত্সর্গ করতে হোয়াইট হাউস থেকে ম্যাগনোলিনার একটি গাছ নিয়ে আসেন ওবামা। নিহতদের শিক্ষা প্রতিষ্ঠানে গাছটি রোপণ করা হবে।