আফগানিস্তানে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৩৯
আফগানিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় একশ’র বেশি মানুষ মারা গেছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার সরকারিভাবে জানানো হয়, গত তিনদিন ধরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় চারটি প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। ওই অঞ্চলের বাসিন্দারা পানিবন্দি হয়ে আছে। জাওয়াজান প্রদেশের পুলিশ প্রধান বলেন, শুক্রবার অন্তত ৫৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আগামী কয়েকদিনের মধ্যে তা আরো বাড়তে পারে। তিনি বলেন, “সড়কপথে সাহায্য পাঠানো অনেক কঠিন। আমরা হেলিকপ্টারে করে দেড় হাজার মানুষকে উদ্ধার করেছি। এখানে কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রয়োজন।”
পাশের ফারিয়াব প্রদেশের প্রশাসন জানায়, ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ৮০ জন নিখোঁজ রয়েছে। সেখানে ১০ হাজার পরিবার বন্যা আক্রান্ত হয়েছে এবং দুই হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।